খাদ্য কর্মসূচির ১৪ বস্তা চাল উদ্ধার, বাড়ির মালিক গ্রেপ্তার

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৪:০৭ পিএম

নওগাঁর বদলগাছীতে ১৪ বস্তা সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক সোহেল রানাকে। সোহেল রানা উপজেলার বিলাসবাড়ি গ্রামের মৃত আবদুল করিমের ছেলে।

সোমবার বিকেলে উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের বিলাসবাড়ি গ্রামে সোহেল রানার দোকান ও বাড়িতে অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে প্রথমে সোহেল রানার মুদি দোকানে অভিযান চালানো হয়। এরপর তার নিজ বাড়ি বিলাসবাড়ি ইউনিয়নের বিলাসবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। সরকারি চাল নিজ হেফাজতে রাখার অপরাধে সোহেল রানাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত চাল বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হেফাজতে রাখ হয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মেদ দেশ রূপান্তরকে বলেন, সোমবার রাতে উপজেলা খাদ্য কর্মকর্তা তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত