সারা বিশ্বে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত ১৩ লক্ষ ৪৭ হাজার ৩৩০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছে ৭৪ হাজার ৭৬৮ জন। আতঙ্কের পাশাপাশি ছড়িয়ে পড়ছে একাধিক গুজব আর ভ্রান্ত ধারণা যা বিভ্রান্ত করছে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। ওই খবর অনুযায়ী, বাঁধাকপির উপর করোনাভাইরাস নাকি সবচেয়ে বেশি সময় বেঁচে থাকতে সক্ষম! এই তথ্য নাকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর পক্ষ থেকেই জানানো হয়েছে।
ওই খবরে আরও দাবি করা হয়েছে, বাঁধাকপির উপর করোনাভাইরাস নাকি প্রায় ৩০ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। এবার জেনে নেওয়া যাক এই প্রসঙ্গে ঠিক কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে, এমন কোনো তথ্য বা প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সুতরাং এটি সম্পূর্ণ ভুয়া তথ্য। WHO জানিয়েছে, বাঁধাকপির মধ্যে এক ধরনের পোকা থাকে, সেগুলি যদি কোনোভাবে শরীরে প্রবেশ করে তা হলে মানুষ অসুস্থ হতে পারেন। তবে বাঁধাকপি ভালো করে সেদ্ধ করে, তার উপরের দিকের আস্তরণ খুলে ভালো করে ধুয়ে তবেই সেটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাঁধাকপির উপরের দিকের আস্তরণ খুলে ভেতরের অংশ ভালো করে ধুয়ে এবং হাত জীবাণুমুক্ত করে রান্না করতে বলা হয়েছে।
তবে করোনাভাইরাসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাই সাধারণ মানুষকে এ ধরনের খবর বা তথ্যে বিভ্রান্ত না হওয়ারই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
