ভৈরবে জ্বর-শ্বাসকষ্টে নারীর মৃত্যু, করোনা সন্দেহে হাসপাতালে তালা

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৯:৩৩ এএম

কিশোরগঞ্জের ভৈরবে জ্বর ও শ্বাসকষ্টে নূরজাহান (১৮) নামে এক নারীর মৃত্যু হওয়ায় করোনা সন্দেহে হাসপাতাল তালাবদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

শহরের বঙ্গবন্ধু সরণির আনোয়ারা জেনারেল হাসপাতাল (প্রা.) নামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

পাশাপাশি ওই এলাকার আশপাশের জনসমাগমসহ চলাচল সীমিতের নির্দেশনাও দিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ওই গৃহবধূ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ ঘটনাস্থলে এসে হাসপাতালটি তালাবদ্ধ করে দেন।

ডাক্তার বুলবুল আহমেদ জানান, আইইডিসিআরের নির্দেশনা মোতাবেক রোগী করোনাভাইরাসে মারা গেছে কিনা তা পরীক্ষা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, এ মুহূর্তে হাসপাতালের আশপাশেসহ সামনের রাস্তাটিতে লোকসমাগম সীমিত করা হয়েছে। আইইডিসিআর এর গাইডলাইন অনুযায়ী তার লাশ দাফন করা হবে। পরীক্ষার রিপোর্ট অনুসারে পরবর্তী ব্যবস্থ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত