চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা আদায়ে দোকানদারের মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বরুমচড়া গ্রামের চাঁনগাজী তালুকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল আলিম (৫৫) একই এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার বরুমচড়া গ্রামের মুদি দোকানি কামালের কাছ থেকে সম্প্রতি আবদুল আলিম ৯ হাজার টাকার মালামাল বাকি নেন। এর মধ্যে ৪ হাজার টাকা পরিশোধ করেন তিনি।
মঙ্গলবার রাতে ওই দোকান বাদ দিয়ে পাশের দোকান থেকে নগদে একটি ডিম কেনেন আবদুল আলিম।
এ সময় পাওনাদার কামাল সওদাগর তার উপর ক্ষিপ্ত হয়ে আগের বকেয়া টাকা দিতে বলেন।
এ নিয়ে দুইজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে পাওনাদার দোকানি মুখে ঘুষি মারলে প্রতিবন্ধী বৃদ্ধ মাটিতে লুটে পড়েন।
এ সময় ওই দোকানদারের ভাগ্নে মোস্তাকও আবদুল আলিমকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে গেলে তার মৃত্যু হয়।
নিহত আবদুল আলিমের ভাতিজা আনোয়ার হোসেন বলেন, পাওনা টাকার জন্য দোকানদার কামাল সওদাগর ও তার ভাগ্নে মোস্তাক আমার চাচাকে মারধর করে দাঁত ফেলে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে ঘরে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। এ ঘটনায় আমরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
