নাজিরপুরে করোনা উপসর্গে তাবলিগ জামাত ফেরত বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৫:১৯ পিএম

পিরোজপুরের নাজিরপুরে তাবলিগ জামাত ফেরত বজলুর রহমান হাওলাদার (৭২) এক বৃদ্ধ মারা গেছেন।

বুধবার ভোর ৪টার দিকে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের মাদুলিহারানিয়া গ্রামের মৃত নওয়াব আলী হাওলাদারের ছেলে।

খবর পেয়ে বেলা ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ওই বৃদ্ধসহ তার মেয়ে হাসিনা বেগমের নমুনা সংগ্রহ করেছেন এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত একটি টিম প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ওই বৃদ্ধের দাফন সম্পন্ন করেন। এদিকে এ মৃত্যুর সংবাদে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মৃত ওই বৃদ্ধের জামাতা স্কুলশিক্ষক মিলন জানান, তার শ্বশুর চার মাস ধরে তাবলিগ জামাতে ছিলেন। এ সময় তিনি দেশের বিভিন্ন জেলায় ঘুরেছেন। নারায়ণগঞ্জ জেলায় থাকতে শারীরিক অসুস্থতার কারণে তিনি গত ২৬ মার্চ বাড়িতে আসেন। বাড়িতে এসে তিনি স্থানীয় মসজিদে নামাজ আদায়সহ তাদের বাড়িতেও বেড়াতে এসেছেন। কয়েক দিন ধরে তিনি জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগতে ছিলেন। বুধবার তিনি মারা যান।

তিনি আরও বলেন, দুদিন ধরে আমার স্ত্রী হাসিনা বেগমও জ্বরে ভুগছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী জানান, মৃত ওই বৃদ্ধসহ তার মেয়ে হাসিনা বেগমের নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসিনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, এলাকাবাসীর স্বার্থে ওই বাড়ি দুটি পুরোপুরি লকডাউন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত