গভীর রাতে ফোন পেয়ে প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিল পুলিশ

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৫:৩৭ পিএম

রাত সাড়ে তিনটায় ফোন পেয়ে এক প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিয়ে তার চিকিৎসা সেবা নিশ্চিত করেছে পুলিশ। শুধু তাই নয়, ওই প্রসূতির কোলজুড়ে কন্যা সন্তানের জন্ম হওয়ার পরই হাসপাতাল ত্যাগ করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা-পুলিশের একটি টিম।

মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে নগরীর আশরাফ আলী রোড এলাকা থেকে এক বাসিন্দা ওসির নম্বরে ফোন করে জানান, তার স্ত্রীকে হাসপাতালে নিতে হবে, কিন্তু কোন গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স না থাকায় তা সম্ভব হচ্ছে না।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন দেশ রূপান্তরকে বলেন, রাত সাড়ে তিনটায় ফোন পেয়ে পুলিশের একটি টিম ওই বাসিন্দার বাসায় গিয়ে দেখেন স্ত্রীর অবস্থা খুব খারাপ। তখন ওই বাসায় যাওয়া এএসআই আজিজুল ইসলাম ও সুকুমার প্রসূতির অবস্থা খারাপ দেখে থানার টহল গাড়িতে করেই আন্দরকিল্লা জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন, হাসপাতালে প্রসূতিকে ভর্তি করানো হতে ওষুধ কেনা পর্যন্ত সব কাজ করে চিকিৎসা সেবা নিশ্চিত করেছে পুলিশ সদস্যরা। প্রায় তিন ঘণ্টার দৌড়ঝাঁপ শেষে সার্থকতা হলো ওই দম্পতির এক কন্যা সন্তান জন্ম নিয়েছে। কন্যা শিশু এবং মা দুজনেই সুস্থ আছে। আমরা এতেই খুশি যে জনগণের সেবা করতে পারছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত