করোনা পরিস্থিতি: মাদারীপুরে ৭৪ বন্দিকে মুক্তির প্রস্তাব

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৮:৪১ পিএম

মাদারীপুর জেলা কারাগারে দীর্ঘদিন সাজা খাটাসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও বিচারাধীন ৭৪ জন বন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে এই প্রস্তাব কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান কারাগারের জেল সুপার শহিদুল ইসলাম। পরে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে জানান তিনি।

মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে মাদারীপুর জেলা কারাগার থেকে ৭৪ জন কয়েদিকে মুক্তি দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে লঘু অপরাধে ৪৯ জন, বিভিন্ন বিচারাধীন মামলার আসামি ২০ জন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ৫ জন রয়েছেন।

জেল সুপার আরও জানান, করোনাভাইরাসজনিত কারণে সরকারের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে এই প্রস্তাবনা পাঠানো হয়েছে। মাদারীপুর জেলা কারাগারে ৩৫০ জন ধারণ ক্ষমতার বিপরীতে ৪৮৬ জন কয়েদি রয়েছেন। তাদের দেখভাল করার জন্য কারারড়্গী ও হাবিলদারসহ কর্মকর্তা রয়েছেন ৮৫ জন।

করোনা ঝুঁকি এড়াতে কয়েদি ও বিভিন্ন মামলার আসামিদের সঙ্গে তাদের আত্মীয়-স্বজনদের সাক্ষাৎ করা অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া কারাগারের মূল ফটকে হ্যান্ড স্যানিটাইজারসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে নানা পদক্ষেপ নিয়েছে জেলা কারাগার কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত