সদ্য গ্রেপ্তার জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের দ্রুত ফাঁসির রায় কার্যকর চায় আওয়ামী লীগ।
দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক বাকি আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান।
ওবায়দুল কাদের বলেন, সংবিধান ও দেশের প্রচলিত আইনে সকল বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদান করা হয়েছিল। কার্যবিধি অনুযায়ী ফাঁসির রায় কার্যকরের ক্ষেত্রে আইনগত কোন বাধা নেই এবং নির্দিষ্ট মেয়াদে ফাঁসির রায় কার্যকর করার কথা আইনে উল্লেখ আছে।
তিনি বলেন, ফাঁসির রায় কার্যকরের জন্য আইনসংগতভাবে যা করার সেটা শুরু হয়ে গেছে বলে সরকারের পক্ষ থেকে জানানা হয়েছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি। মাজেদের গ্রেপ্তারের পর বঙ্গবন্ধু হত্যা মামলার আরও ৫ দণ্ডপ্রাপ্ত খুনি-রাশেদ চৌধুরী, নুর চৌধুরী, শরিফুল হক ডালিম, কর্নেল রশিদ ও মুসলেহউদ্দিন রিসালদার পলাতক অবস্থায় আছে। তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন সংস্থার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং সেটা আরও জোরদার করার দাবি জানাচ্ছি।
করোনা সংকট প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটি বৈশ্বিক ও জাতীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এখন আমাদের প্রধানতম কাজ হচ্ছে, করোনা ভাইরাসে সৃষ্ট সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা। আওয়ামী লীগের পক্ষ থেকে সংকট মোকাবিলার পাশাপাশি দলের নেতা-কর্মীসহ সারা দেশের জনগণকে মতলবি মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
