করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা করোনা সন্দেহে কোনো মুসলিম পুরুষ মারা গেলে তার গোসল, জানাজা ও দাফন কাজে আগ্রহী হয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৪৫ স্বেচ্ছাসেবী।
বুধবার দুপুরে এই স্বেচ্ছাসেবীদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বরসহ একটি তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন আনোয়ারা উপজেলা গাউছিয়া কমিটি।
ইউএনও শেখ জোবায়ের আহমেদের পক্ষে তালিকাটি গ্রহণ করেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মাওলানা সাইফুল ইসলাম।
জানা গেছে, গাউছিয়া কমিটির কেন্দ্রীয় নির্দেশনায় উপজেলা কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেয়। এতে এ মহতী কাজে অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকার ৫০-৬০ জন লোক আগ্রহ প্রকাশ করেন।
তার মধ্যে দক্ষ ও সবল দেখে ৪৫ জনের একটি তালিকা প্রকাশ করা হয়। পাশাপাশি নারী স্বেচ্ছাসেবীদেরও তালিকাভুক্তির কাজ চলছে।
স্বেচ্ছাসেবীরা বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য দলবদ্ধভাবে এ মহতী কাজ করতে আগ্রহী হয়েছেন তারা।
উপজেলা গাউছিয়া কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম মুন্সি জানান, বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তদের জানাজা-দাফন নিয়ে সংকটের কথা শুনেছি। এ জন্য আমরা চাচ্ছি আমাদের আনোয়ারা উপজেলায় যেন সে রকম না ঘটে। ইসলামী শরীয়ত মোতাবেক যেন একজন মুসলমানের জানাজা-দাফন হয় সেজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, করোনাভাইরাসে মৃত মানুষের লাশ দাফনের জন্য তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে।
