ঢাকা থেকে নৌযোগে বরগুনায় আসা ৮৯ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১১:৫৯ এএম

ঢাকা থেকে নৌযোগে বরগুনার আমতলীতে আসা নারী-শিশুসহ ৮৯জন ব্যক্তিকে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়নে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা বরগুনার আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

বুধবার রাতে আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাজীপুর বাজার থেকে ১০৯জনকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

এদের মধ্যে ২০জন পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর বাসিন্দা হওয়ায় তাদেরকে পটুয়াখালী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে আসা এই ব্যক্তিরা নারায়ণগঞ্জের ইটভাটায় জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করলে ওই এলাকা পুরো লকডাউন করে প্রশাসন। এরপরই তারা নারায়ণগঞ্জ থেকে গোপনে বরগুনা চলে আসে। এ দিকে নারায়ণগঞ্জ থেকে এত মানুষ একসঙ্গে এলাকায় আসাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জ থেকে বালুবাহী ট্রলারযোগে বরগুনা আসে নারী ও শিশুসহ ১০৯ জন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার গাজীপুর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের সবাই জনপ্রতি এক হাজার টাকা ভাড়া চুক্তিতে একটি কার্গো ট্রলারযোগে আমতলীতে আসে।

এ ঘটনার পর থেকে বরগুনা জেলার নদীপথে পণ্যবাহী নৌযানগুলোতে কঠোর নজরদারি করার জন্য কোস্টগার্ড ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, নারায়ণগঞ্জ থেকে ট্রলারযোগে বরগুনা আসায় নারী ও শিশুসহ ১০৯ জনকে আমরা আটক করেছি। এরপর ২০জনকে পটুয়াখালী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন বলেন, স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আমরা ঢাকা থেকে আসা ৮৯জনকে ছারছিনা দরবার শরীফের একটি সাইক্লোন শেল্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় সেখানে খাবার ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা।

তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগের চারজন ডাক্তার সেখানে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করবেন। এখন পর্যন্ত সবাই সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তবে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হবে বলেও তিনি জানান।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনাভাইরাস মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে বরগুনা জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জ থেকে ট্রলারযোগে বরগুনা আসায় নারী ও শিশুসহ ১০৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২০জন পটুয়াখালীর বাসিন্দা হওয়ায় তাদেরকে পটুয়াখালী ও ৮৯জনকে বরগুনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ছাড়াও নদীপথে পণ্যবাহী নৌযানগুলোতে কঠোর নজরদারি করার জন্য কোস্টগার্ড ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত