ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী করোনা সংক্রমণে মৃত্যু এড়াতে ফুসফুস কেটে বের করে স্যানিটাইজার বা অ্যালকোহলে বা সাবান পানিতে তা ধুয়ে নেয়া যায় কি না তা ভেবে দেখতে বলেছেন চিকিৎসকদের।
বৃহস্পতিবার বিকেলে নিজের ফেইসবুক পেজে এক ভিডিও বার্তায় জয়নাল হাজারী বলেন, ‘করোনা আক্রমণ করে ফুসফুসকে। আমার কাছে একটা ছবি আছে, আজকে কয়দিন ধরেই পূর্ব-পশ্চিমে একটা ছবি দেখছি, আজকে কয়দিন ধরেই ছবিটা আমি কালার প্রিন্টার করতে পারি নাই, আমার এখানে যেহেতু যে প্রিন্টার আছে যেটাতে কালোই হয়, বাইরে তো যাওয়ার সুযোগ হলো না...’।
এরপর একটি ছবি দেখিয়ে তিনি বলেন, ‘ফুসফুসের ওপর ভাইরাসগুনা বসে আছে, দেখা যাচ্ছে এই ভাইরাসগুনো ফুসফুসের ওপরে বসেই ওখান থেকেই ফুসফুসের রস সংগ্রহ করে বা ওখান থেকেই ফুসফুসের মধ্যে কী এটা জিনিস করে ওটাকেই তারা ড্যামেজ করে বা খেয়ে ফেলে। আমার প্রশ্ন হচ্ছে- ফুসফুস আমি জানি, বহু রোগীকে আমি জানি, আমাদের ওবায়দুল হক নামে একজন ছিল, সে ফুসফুসের রোগাক্রান্ত হয়ে দীর্ঘ দিন চিকিৎসা নিয়েছে। আরেকজনকে জানি যে ফুসফুসের তার কিছু অংশ কেটে ফেলে দিলেও চিকিৎসা করে সে অনেক দিন বেচেঁ ছিল। এখন এই যে ফুসফুসের ওপর বসে আছে ভাইরাসগুনো, এটাকে অপারেশন করে, হার্টের যে রকম কাটা হয়, এটাকে কেটে ফুসফুসটাকে বাইর করে এনে বা সেখানে রেখে এটার ওপরে হ্যান্ডস্যানিটাইজার কিম্বা ডেটল কিম্বা অ্যালকোহল কিম্বা এমন কি শুধু সাবান-পানি দিয়ে এটাকে ধুয়ে দেওয়া যায় না?’
তিনি বলেন, ‘এটা (ফুসফুস) যখন খোলাও যায়, এটাকে অপারেশন করে যখন কেটেও ফেলা যায়, তাইলে ভাইরাসগুনো বসে আছে আর আমাদেরকে বলা হচ্ছে খালি সাবান-পানিতেই ভাইরাসগুনো মরে যায়, সেটা যদি হয় তাহলে অপারেশন করে ওই লাংস বা ফুসফুসটা বের করে সেটাকে সাবান-পানি দিয়ে ধুয়ে দিলে, স্যানিটাইজার দিয়ে ধুয়ে দিলে- তাহলে তো ওই ফুসফুস থেকে ভাইরাসগুনো মরে যেতে পারে। এ বিষয়টা আমার মনে উদয় হয়েছে, ডাক্তার সাহেবরা দয়া করে এ বিষয়ে আমাকে যদি একটু ক্লিয়ার করেন, আমি বাধিত হব।‘
জয়নাল হাজারী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
