বগুড়ার সোনাতলায় হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ও ভিজিডির চাল কালোবাজরে কেনার অভিযোগে কৃষক লীগ নেতা মিঠু মন্ডলকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সড়ে ৭টায় সোনাতলা থানা পুলিশ তাকে আটক করে।
মিঠু মন্ডল সোনাতলা উপেজেলার মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।
থানা পুলিশ জানায়, সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের তেকানী চুকাইনগর বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে বৃহস্পতিবার খোলাবাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি এবং ভিজিডির চাল বিতরণ করা হয়। মিঠু মন্ডল ওই এলাকার ডিলার ঈশ্বর চন্দ্র ও সাবু মিয়ার সঙ্গে যোগসাজশ করে ৫০ বস্তা চাল কিনে নেন। সন্ধ্যার পর সেই চাল পাচারের সময় জনগণ তাকে আটক করে। পরে পুলিশে খবর দেওয়া হলে সেখান থেকে মিঠু মন্ডলকে গ্রেফতার এবং ৫০ বস্তা চাল জব্দ করা হয়।
সোনাতলা থানার পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন জানান, কালোবাজারে সরকারি চাল কেনার অভিযোগে মিঠু মন্ডলকে আটক করা হয়েছে। তার কাছ থেকে বেশ কয়েকজন ভিজিডি সুবিধাভোগীর কার্ডও উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে মামলা দায়ের হবে।
