জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র আশিকুল ইসলাম পাটোয়ারী ফেসবুকে যে মন্তব্য করেছেন তা বঙ্গবন্ধুর ভাবমূর্তি নষ্ট করেছে।
একইসাথে বিশ্ববিদ্যালয়েরও ভাবমূর্তি নষ্ট করেছে। তাই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয় খোলার ৭ কার্যদিবসের মধ্যে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে।
এদিকে ওই শিক্ষার্থী ছাত্র মৈত্রীর বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য বলে জানা গেছে। এ ঘটনার পর তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে বলে ইবি ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে বঙ্গবন্ধুকে বিদ্রুপ করেন ওই ছাত্র। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।
এর আগে গত মঙ্গলবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারকে নিয়ে কটূক্তি করায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্রী সানজিদা সুলতানা ছন্দকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
