করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রেক্ষিতে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি চরম অমানবিক ও ভোক্তা অধিকার লঙ্ঘন বলে মনে করছে ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)।
তারা ভোক্তা অধিকার আইনে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানায়।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সিসিএস এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের এ মহাদুর্যোগে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ঘরবন্দী নিত্য আয়ের মানুষ চরম বিপদে রয়েছেন। বহু পরিবারের খাদ্য সহায়তা প্রয়োজন। এমতাবস্থায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে ব্যক্তি-প্রতিষ্ঠান ত্রাণ সহায়তা দিচ্ছে। যা আমাদের জাতিগত মানবিকতার উদাহরণ। সিসিএসও তার ‘করোনায় স্বেচ্চাসেবী’ প্লাটফর্মের মাধ্যমে দেশের প্রায় সব জেলা ও থানায় সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার পরিবারে খাদ্য সহায়তা দিয়েছে।
সিসিএস বলছে, কয়েকদিন ধরে গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে, অসহায় ও অভুক্ত মানুষকে খাদ্য সহায়তা দিতে নিত্যপণ্য কেনার এই সুযোগে কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়েছেন। বিষয়টি চরম অমানবিক এবং মানুষের মৌলিক অধিকার পূরণে বাধা দেওয়ার শামিল।
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণকারীরা আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে পলাশ মাহমুদ বলেন, মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সুরক্ষায় সরকারের একাধিক আইন রয়েছে। করোনার মতো দুর্যোগের সময়ে যারা অনৈতিকভাবে পণ্যের মূল্য বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া প্রয়োজন।
