নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে রুম্মন বাবু (৩২) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবক মারা গেছেন। শুক্রবার রাত ৭টার দিকে তিনি মারা যান।
জানা গেছে, রুম্মন বাবু মাসদাইর এলাকার এনএস টাওয়ারের আনোয়ারুল ইসলামের ছেলে। গত তিন চার দিন ধরে তিনি জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলন।
এদিকে রাত ৭টার দিকে ওই যুবক মারা গেলেও তার মরদেহ দাফনের জন্য কেউ এগিয়ে আসেননি। পরে খবর পেয়ে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ওই যুবকের মরদেহ ভবন থেকে নামিয়ে আনেন এবং দাফনের উদ্যোগ নেন।
নিহত যুবকের পরিবারের বরাত দিয়ে কাউন্সিলর খোরশেদ দেশ রূপান্তরকে বলেন, ওই যুবক শারীরিক প্রতিবন্ধী ছিলেন। গত তিন চার দিন ধরে তিনি জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এদিন রাত সাতটার দিকে তিনি মারা যান।
মৃতের করোনা নমুনা সংগ্রহ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ওই যুবক মারা যাওয়ার সাথে সাথে আমরা জানতে পারিনি। প্রায় তিন ঘণ্টা পর জেনেছি। মারা যাওয়ার তিন ঘণ্টা পর কারো নমুনা সংগ্রহ করে কোনো লাভ নেই। তাই নমুনা নেওয়া হবে না।
