দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশই ‘হটস্পট’ হিসেবে পরিচিত ঢাকা ও নারায়ণগঞ্জের বাইরে। এছাড়া এই সময়ের মধ্যে করোনা আক্রান্ত তিনজন মারা গেছেন, যাদের দুজনই ঢাকার বাইরের।
শনিবার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জনের মধ্যে ১৪ জন ঢাকার। নারায়ণগঞ্জের রয়েছে আটজন। বাকিরা অন্যান্য জেলা এবং ঢাকা শহরের বাইরে ঢাকা জেলার অন্যান্য উপজেলার। এছাড়া আক্রান্তদের ৪৮ জন পুরুষ আর ১০ জন নারী।
আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় আরও তিন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তাদের একজন ঢাকার। বাকি দুজন ঢাকার বাইরের। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৩০ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও তিনজন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। তাদের দুজন পুরুষ আর একজন নারী। এ নিয়ে মোট ৩৬ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
এখন পর্যন্ত আক্রান্ত মোট ৪৮২ জনের তথ্য বিশ্লেষণ করে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আক্রান্তদের শতকরা ৫২ ভাগই ঢাকার। আর ৭০ ভাগই পুরুষ।
