‘ভারতীয় ক্রিকেটকে এখনো অনেক দেওয়ার আছে ধোনির’

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৭:০৭ পিএম

মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে আলোচনা অনেক দিনের। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। আইপিএলে নিজের পারফরম্যান্স পরখ করে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে গুঞ্জন ছিল। তবে করোনাভাইরাসের কারণে আইপিএল এখন অনিশ্চিত। এই আসর বাতিল হলে ধোনি অবসর নিয়ে ফেলতে পারেন এমন আলোচনাও আছে।

তবে যেটিই হোক, ধনিকে জোর করে অবসরের ঠিকে ঠেলে দেওয়ার পক্ষে নন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন। তার মতে ভারতীয় ক্রিকেটকে এখনো অনেক কিছু দেওয়ার আছে ধোনির।

৩৮ বছর বয়সী ধোনি ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন সেটি সম্পূর্ণ তার ওপর ছেড়ে দেওয়ার উচিত বলে মনে করেন নাসের। বলেন, ‘ধোনি যদি অবসরই নিয়ে ফেলে, তা হলে তো ওকে আর ফেরানো সম্ভবই নয়। ধোনিকে দ্রুত অবসরের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। কি মানসিক অবস্থায় রয়েছে, তা একমাত্র জানে ধোনিই। তবে দলে নেওয়া বা না নেওয়া তো পুরোটাই নির্বাচকদের ব্যাপার।’

ধোনির নেতৃত্বে ভারত একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। জয় করেছে চ্যাম্পিয়নস ট্রফিও। তবে বয়সও তো কম হলো না। কিন্তু ধোনিকে বয়স দিয়ে বিচার করতে চান না নাসের, ‘জাতীয় দলে কি এখনো ফিরতে পারে ধোনি? আমি যতটুকু ধোনিকে দেখেছি, তাতে মনে হচ্ছে ভারতীয় ক্রিকেটকে এখনো অনেক কিছু দেওয়ার রয়েছে ধোনির।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত