করোনাভাইরাস: গাজীপুর জেলা লকডাউন

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৮:৫১ পিএম

করোনার সংক্রমণ রোধে গাজীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, প্রাণঘাতী করানো ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় ও জরুরি সুরক্ষার প্রয়োজনে দেশের অভ্যন্তরে কারানো ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজীপুর জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হলো।

এ ক্ষেত্রে ভিন্ন জেলা হতে পার্শ্ববর্তী জেলায় গমনের উদ্দেশ্যে ট্রানজিট হিসেবে জাতীয় মহাসড়ক ব্যবহার ব্যতীত জেলা, উপজেলার যে কোন সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নৌপথেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এ সময়ে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন এবং দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য সরবরাহ, সংগ্রহ, উৎপাদন ও পরিবহন ইত্যাদি এর আওতার বাইরে থাকবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এক গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গাজীপুরে এ পর্যন্ত ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত