শ্রীপুরে জ্বর ও শ্বাসকষ্টে ২ দিনে ৩ জনের মৃত্যু

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১০:৩২ পিএম

গাজীপুরের শ্রীপুরে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় দুই দিনে তিনজনের মৃত্যু হয়েছে। ওই তিনজনের বাড়ির লোকজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফাতেহ আকরাম জানান, মৃত তিনজনের মধ্যে একজনের বয়স ৪৫ বছর। তিনি ১০-১২ দিন ধরে জ্বর, গলাব্যথা, শ্বাসকষ্টে ভুগছিলেন। কোনো চিকিৎসকের কাছে যাননি। শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

অপর দুজনের একজন নারী (৫৫)। শনিবার সকালে তিনি মারা যান। অন্যজন (৫৭) শনিবার দুপুরে মারা যান। এই দুজনের জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্ট ছিল।

ডা. ফাতেহ আকরাম আরও জানান, মৃত ব্যক্তি ও তাদের পরিবারের লোকজনের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসার আগ পর্যন্ত প্রত্যেকের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরেফীন বলেন, প্রশিক্ষিত লোক দিয়ে মারা যাওয়া তিনজনের দাফন সম্পন্ন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত