কিশোরগঞ্জের হোসেনপুরে এসএইচসি পরীক্ষার্থী জীবন মিয়া (১৯) হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে এলাকায় মানববন্ধন করেছে নিহত ছাত্রের সহপাঠী ও এলাকাবাসী। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে হোসেনপুর- গোবিন্দপুর আঞ্চলিক সড়কে আধঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় নিহত কলেজের সহপাঠী ও এলাকার শতাধিক নারী-পুরুষ সামাজিক দূরত্ব বজায় রেখে হত্যার বিচারের দাবিতে সড়কের দুপাশে মানববন্ধনে অংশগ্রহণ করে।
গত ৮ এপ্রিল বুধবার বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গনমানপুরুরার লাউতরি গ্রামে জীবনের চাচা খাইরুল ইসলাম প্রতিবেশী রাসেলের চাচা মো. রফিকুল ইসলামের কাছে তার পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এ সময় জীবন তা থামাতে গেলে একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় জীবনসহ উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়। পরে জীবনকে কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তখন তাকে মৃত ঘোষণা করেন।
