ভারত জুড়ে চিকিৎসকদের হেনস্তা: গর্জে উঠলেন অজয়

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১১:৫৪ এএম

চিকিৎসক-স্বাস্থ্যকর্মী তথা জরুরি সেবার সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাতে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে সম্প্রতি গোটা ভারত থালা-বাসন বাজিয়েছে, হাততালি দিয়েছে। আর এখন শোনা যাচ্ছে চিকিৎসক হেনস্তার খবর। এর প্রতিবাদে গর্জে উঠলেন অজয় দেবগন।

টুইটারে এই অভিনেতা লেখেন, “আমাদের দেশের তথাকথিত শিক্ষিত মানুষেরাই তাদের প্রতিবেশী চিকিৎসকদের হেনস্তা করছে। সংবাদমাধ্যমে যা সব দেখছি তাতে প্রচণ্ড বিরক্ত এবং ক্ষিপ্ত আমি। এরাই সবচেয়ে জঘন্য অপরাধী।”

চিকিৎসকদের হেনস্তার অভিযোগ উঠেছে দিল্লি, হরিয়ানা, ভোপাল, হায়দরাবাদ, বেঙ্গালুরু-সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে।

দিন কয়েক আগের কথা। ভোপালে দুই জুনিয়র চিকিৎসক ডিউটি সেরে সবে হাসপাতাল থেকে বেরিয়েছেন। তাদের দেখেই পুলিশ মারতে শুরু করে। পরিচয়পত্র দেখিয়েও লাভ হয়নি। উল্টো তাদের কপালে জুটেছে তিরস্কার- ডাক্তার তো এখন বাইরে কী করছেন, ভেতরে গিয়ে মানুষের সেবা করুন? এও শুনতে হয়েছে যে, আপনাদের মতো ডাক্তারদের জন্যই দেশে করোনা ছড়াচ্ছে। বলেই দুইজনকে লাঠি দিয়ে মারতে শুরু করে। পুলিশের হাত থেকে ছাড় পাননি নারী চিকিৎসকও।

দিল্লির সফদরজঙ্গ হাসপাতালের দুই নারী চিকিৎসক বাজারে গিয়েছিলেন আনাজপাতি কিনতে। সেই সময়ই এক ব্যক্তি মন্তব্য করেন, তারা নাকি করোনা ছড়াতে বেরিয়েছে। এরপরই শুরু হয় মারধর। এখানেই শেষ নয়, ভারতের বিভিন্ন শহরে কর্তব্যরত চিকিৎসকদের বের করে দেওয়া হয়েছে ভাড়া বাড়ি থেকে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত