কক্সবাজারে শ্রমিককে গুলি করে হত্যা

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১২:২৩ পিএম

কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ লোকমান (৩৫) নামের এক শ্রমিককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট রিংভং নতুন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ লোকমান কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কালারমারপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ওই এলাকার মানুষ মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একটি গুলির শব্দ শোনেন। এ সময় মুসল্লিরা মহাসড়কের দিকে তাকালে একটি সাদা রঙের মাইক্রোবাসকে মহাসড়ক হয়ে উত্তর দিকে চলে যেতে দেখেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে এক যুবকের গুলিবিদ্ধ লাশ সড়কের ধারে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখেন।

এ সময় উপস্থিত মুসল্লিরা চকরিয়া থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

লোকমান চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাটে তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মোহাম্মদ লোকমান নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার বুকে একটি মাত্র আঘাত রয়েছে। সেটি গুলি নাকি ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে গেছে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠাচ্ছে। এ ব্যাপারে চকরিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত