করোনাভাইরাসের প্রভাবে খাবার সংকটে পড়েছে প্রাণিকুল। হোটেল রেস্তোরাসহ খাবারের দোকান বন্ধ থাকায় উচ্ছিষ্ট ও পরিত্যক্ত খাবার খেয়ে বেঁচে থাকা কুকুরসহ পাখিগুলো থাকছে অভুক্ত।
এমন পরিস্থিতিতে রাস্তার পাখিসহ অভুক্ত কুকুরের জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করেছেন পটুয়াখালী পৌর মেয়র।
করোনাভাইরাসের প্রভাবে সবাই যখন গৃহবন্দী তখন বেওয়ারিশ কুকুরগুলো অভুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে সড়কে। খেতে না পেয়ে অনেক কুকুর হয়ে উঠছে হিংস্র। এমন পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা এবং মানবিকতা বিবেচনা করে এসব বেওয়ারিশ কুকুরকে প্রতিদিন রাতে খাবার দেয়ার উদ্যোগ নিয়েছেন পটুয়াখালীর পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ।
স্বেচ্ছাসেবী সদস্যদের মাধ্যমে পৌরএলাকা ঘুরে প্রতি রাতে শতাধিক কুকুরকে খাবার দেয়া হচ্ছে।
উদ্যোমী তরুণ সমাজকর্মী জহিরুল ইসলাম বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষের টিকে থাকার পাশপাশি পরিবেশের ভারসম্য রক্ষাকারী প্রাণীকুলকে রক্ষাায় আমাদের সচেতন হতে হবে। পটুয়াখালী পৌর মেয়র এমন একটি সামাজিক উদ্যোগ গ্রহণ করায় তাকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি এই মহতী উদ্যোগের সাথে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
পটুয়াখালী পৌরসভা মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, করোনাভাইরাসের এই সংকটের সময়ে পটুয়াখালী শহরের পশু-পাখিদের টিকিয়ে রাখতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। করোনার প্রাদুর্ভাব থেকে উত্তোরণ না হওয়া এবং শহরের খাবার দোকানগুলো চালু না হওয়া পর্যন্ত পাখিসহ কুকুরের জন্য নিয়মিত এই খাদ্য সরবরাহ করা হবে।
