বিরামপুরে চাল চুরির ঘটনায় ইউপি সদস্যসহ ৩ জনের নামে মামলা

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০৮:৪২ পিএম

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে ট্যাগ কর্মকর্তার অনুপস্থিতিতে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণকালে ২৭০ কেজি চাল চুরির ঘটনায় সুলতান মাহমুদ (৫০) নামের এক ব্যক্তিকে পনের দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ডিলারশীপ বাতিলসহ  ইউপি সদস্য ও চালের ডিলারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে খাদ্য বিভাগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান জানান,  সোমবার দিওড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের দিন ধার্য ছিল। বেলা ১১ টার দিকে এলাকাবাসী মুঠোফোনে তাকে জানায় যে, ছয়টি বস্তায় ২৭০ কেজি চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় মতিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। খবর পেয়ে ইউএনও তৌহিদুর রহমান ঘটনাস্থলে যাওয়ার আগে চুরি করা চালের ক্রেতা মতিন এবং ডিলার পালিয়ে যায়। ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলারের ম্যানেজার সুলতানের কাছে চুরি হওয়া চালের বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি। এ ঘটনায় ইউএনও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুলতানকে পনের দিনের কারাদ- দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, চাল বিতরণের সময় নিয়ম অনুযায়ী ট্যাগ কর্মকর্তার উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে কোন ট্যাগ কর্মকর্তা উপস্থিত ছিলেন না। যার কারনে এ চুরির ঘটনা ঘটেছে।

দিওড় ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা উপজেলা একাডেমিক আব্দুস সালাম জানান, তিনি চাল বিতরণের তারিখ জানতেন না। এ বিষয়ে দিওড় ইউনিয়নের চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের কাছে  সোমবার সকালে চাল বিতরণের বিষয়ে জানতে চাইলেও চেয়ারম্যান কিছুই জানাতে পারেননি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোস্তাফিজার রহমান জানান, তিনি বাদী হয়ে চাল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য সুলতান মাহমুদ ওরফে মিন্টু ও তার ছোট ভাই  চাল বিতরণের ডিলার মোতাহার হোসেন এবং চুরি করা চালের ক্রেতা মতিনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা করেছেন। মোতাহারের ডিলারশীপ বাতিল করা হয়েছে।  ট্যাগ কর্মকর্তার উপস্থিত ছাড়া কোন চাল বিতরণ করার নিয়ম নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত