ফরিদপুরে করোনাভাইরাস আক্রান্ত ২ রোগী শনাক্ত

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০৯:১৩ পিএম

ফরিদপুরে করোনাভাইরাস আক্রান্ত দুইজনের সন্ধান পাওয়া গেছে। এদের দুজনই নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনার পর নগরকান্দা উপজেলা লকডাউন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামের ৬২ বছর বয়সী এক ব্যক্তি এবং একই ইউনিয়নের আটাইল গ্রামের ৪৮ বছর বয়স্ক আরেক ব্যক্তির করোনা পজেটিভ পাওয়া গেছে। 

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ওই দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সোমবার বিকেলে ওই দুই ব্যাক্তির প্রতিবেদন পাওয়া গেছে।  দুইজনের ফল পজেটিভ এসেছে।

ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ওই দুই ব্যক্তির মধ্যে একজন ঢাকা থেকে এবং অপরজন নারায়নগঞ্জ থেকে এসেছেন। পাঁচ-ছয় দিন আগে ওই দুই ব্যক্তি বাড়িতে আসেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, আমরা ওই দুই ব্যক্তির যাতায়াত সম্পর্কে তথ্য তালাশ করছি। প্রয়োজন হলে নগরকান্দা উপজেলা লকডাউন করে দেওয়া হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আক্রান্তদের মধ্যে বয়ষ্ক রোগীকে ফমেক হাসপাতালে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্যজনকে নগরকান্দা হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত