বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম খানকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আওয়ামীলীগ। ১০ টাকা কেজির চাল ওজনে কম দেওয়ার অপরাধে সোমবার তাকে ১ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান বহিস্কারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, জাতির এই দুর্যোগ মুহূর্তে সরকার যেখানে গরীব মানুষদের জন্য নামমাত্র মূল্যে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন সেখানে নজরুল ইসলাম যে কাজ করেছেন তাতে সরকার ও দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। তার বহিস্কারের সিদ্ধান্তটি চূড়ান্তভাবে কার্যকরের জন্য জেলা আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদকের বরাবরে মঙ্গলবারেই পাঠানো হবে।
প্রসঙ্গত কাগাপাশা ইউপি আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম খানকে ৫০৩ জন তালিকাভূক্ত গরীব জনগনের মধ্যে ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি চাল বিক্রির জন্য ডিলার নিয়োগ দেয় উপজেলা প্রশাসন।
সোমবার জেলা প্রশাসকের কাছে অভিযোগ আসে যে, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান ৩০ কেজির পরিবর্তে চাল কম দিচ্ছেন। এমতাবস্থায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে ওইদিন বিকেল ৩টায় বানিয়াচঙ্গ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান ও উপজেলা খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন সেখানে যান। তারা ৪৩জন ক্রেতার চালের ব্যাগ ওজন করে দেখেন ৩০ কেজির স্থলে ৩ থেকে ৮ কেজি চাল কম দেওয়া হয়েছে। মতিউর রহমান খান তাৎক্ষনাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ডিলার নজরুল ইসলাম খানকে ১ মাসের কারাদন্ডের আদেশ দেন। একই সাথে তার ডিলারশীপ বাতিল করার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
