নববর্ষে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান মুশফিকের

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১১:৩২ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। শুভেচ্ছা বার্তায় এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সবার প্রতি একটা অনুরোধ রেখেছেন। নববর্ষে মুশফিকের আরজি- অসহায়দের পাশে দাঁড়ানোর। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন মুশফিক।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এই তারকা বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো থাকার জন্য প্রতিনিয়ত অনেক কষ্ট করে যাচ্ছেন। প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আশা করছি আপনারা সবাই, যারা এই নববর্ষ পালন করতে ইচ্ছুক তারা বাসায় বসেই পালন করছেন।’

করোনার বিরুদ্ধে লড়াইয়ে আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানিয়ে মুশফিক বলেন, ‘আপনারা জানেন, আমাদের দেশ তথা পুরো বিশ্ব এখন করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। আমি সকল আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব এবং আমাদের ডাক্তার, নার্স, ক্লিনার, কর্মচারী যারা প্রত্যক্ষভাবে প্রতিনিয়ত এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছেন। যাতে করে আমরা আপনারা নিরাপদে থাকতে পারি। তাদেরকে অবশ্যই মনের ভেতর থেকে সালাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’

মুশফিক যোগ করেন, ‘আমি নিশ্চিত মহান আল্লাহ তায়ালা তাদের এই ত্যাগ দেখছেন এবং এর পুরস্কার আপনারা অবশ্যই পাবেন।’

অসহায়দের পাশে থাকার আহ্বান জানিয়ে মুশফিকের অনুরোধ, ‘আমি ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ চেষ্টা করছি মানুষকে সাহায্য করার। আজকের এই দিনে আহ্বান করছি, আপনারা যে যেভাবেই পারুন সবাই সহযোগিতা করুন। মনে রাখবেন আপনি ও আপনার পরিবার ভালো থাকলে চলবে না। আপনার আশপাশের তথা পুরো দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, তাদের যেন খাবারের অভাবে দিন না পার করতে হয়, সেটার দেখার দায়িত্ব আপনার আমার সবার।’

‘আসুন আমরা সবাই ঘরে থাকি কিন্তু যেভাবেই পারি আমরা, সাহায্য করার চেষ্টা করি। একমাত্র আমাদের সবার প্রচেষ্টাই পারে এমন কঠিন মুহূর্তটাকে তাড়াতাড়ি প্রতিরোধ করতে।’- বলেন মুশফিক।

আর যাদের সাহায্য করার সামর্থ্য নেই তাদের উদ্দেশ্যে মুশফিক বলছেন, ‘এমন কী কারও সামর্থ্য না হয়, তাহলে নামাজ আদায় করে রোজা রেখে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যাতে এই কঠিন সময়টা পার করতে সাহায্য করেন। আশা করছি আপনারা সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন এবং বাসায় থাকুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত