ঈদুল ফিতর বলিউডে লাভজনক উৎসব হিসেবে স্বীকৃত। প্রতি বছর এই উপলক্ষে মুক্তি পায় সালমান খানের সিনেমা। দর্শকও লুফে নেন দারুণভাবে। এবার সঙ্গে যুক্ত হয়েছিলেন অক্ষয় কুমার।
কিন্তু এখন শোনা যাচ্ছে, সালমানের পর পিছু হটতে হচ্ছে অক্ষয়কে। করোনাভাইরাস সংক্রমণের কারণে সিনেমা শেষ করতে পারেননি দুই তারকা।
সঞ্জয়লীলা বানসালির ‘ইনশাল্লাহ’ ছাড়ার পর ঈদের সিনেমা হিসেবে প্রভুদেবা ‘রাধে- ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’-এ যুক্ত হন সালমান। কিন্তু বেশির ভাগ কাজ শেষ করা সত্ত্বেও সম্প্রতি স্থগিত হয়েছে সিনেমাটি। এখন করোনা পরিস্থিতির উন্নতি ছাড়া কোনো পথ নেই। সেই হিসেবে ঈদের আগে ‘রাধে’র কাজ শেষ হবে না।
অন্যদিকে হরর-কমেডি ‘লহ্মী বম্ব’ নিয়ে সালমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজিরের কথা ছিল অক্ষয়ের। কিন্তু করোনায় সব ভেস্তে গেছে। শিডিউলে ছিল হলিউডের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ও, যা পিছিয়ে মুক্তি পাচ্ছে ২০২১ সালে এপ্রিলে।
২৪ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন। এর আগে থেকেই বলিউডের অনেক প্রযোজক শুটিং গুটিয়ে আনেন। মঙ্গলবার সেই অবরুদ্ধ অবস্থা বর্ধিত হয়েছে ৩ মে পর্যন্ত।
এ দিকে বলা হচ্ছে, জুনের আগে সিনেমা হল খোলার কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রকে করোনার সঙ্গে যুক্ত করায় ভয় বেড়েছে। তাই পরিস্থিতির স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করবেন প্রদর্শকরা।
এ ছাড়া সহসা প্রেক্ষাগৃহ খুলে দেওয়া হলেও বড় বাজেটের সিনেমা মুক্তিতে সময় লাগবে। কারণ ৩-৪ সপ্তাহ প্রচারণা ছাড়া কেউ ছবি মুক্তি দিতে চাইবেন না।
এমনও শোনা যাচ্ছে, বলিউডে স্থগিত হওয়া মার্চ-এপ্রিলের সিনেমাগুলো মুক্তি পাবে আগে। এই তালিকায় আছে সূর্যবংশী, ৮৩, লুডো, কুলি নং ওয়ান ও গুলাবো সিতাবো। সুতরাং রাধে বা লহ্মী বম্ব আসতে দেরিই হবে!
