বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত চিকিৎসক বুধবার তার ফেইসবুক প্রোফাইলে একটি পোস্টে সবার কাছে দোয়া চেয়ে জানান, তিনি এখন অনেক সুস্থ আছেন।
বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই চিকিৎসক সর্বশেষ যেখানে রোগী দেখেছেন সেই হাসপাতালটি লকডাউন করে দিয়েছে। এছাড়া ওই চিকিৎসকের বাড়ি ও তার চার আত্মীয়ে বাড়িও লকডাউন করে দেয়া হয়। এর আগে, মঙ্গলবার রাতে চট্টগ্রামে ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে পরীক্ষায় ওই চিকিৎসকের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনের পক্ষ থেকে বৈলছড়ি ও দক্ষিণ জলদি মনছুরিয়া এলাকায় ওই চিকিৎসকের নিজের বাড়িসহ মোট ৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি, চাম্বলের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে তিনি সর্বশেষ রোগী দেখেছিলেন বলে সেটিও লকডাউন করা হয়েছে।
এদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শফিউর রহমান মজুমদার বলেন, আক্রান্ত চিকিৎসক সর্বশেষ গত ৭ এপ্রিল রাতে এবং ৮ এপ্রিল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বপালন করেছেন। বিষয়টি নিয়ে এখানকার অন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চিন্তায় আছেন।
