২০০৩ সালে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেটের চেহারাই বদলে দিয়েছিলেন ডেভ হোয়াটমোর। ১৯৯৬ সালে শ্রীলঙ্কা বিশ্বকাপ জয় করে তার কোচিংয়েই। এরপর পাকিস্তান ও জিম্বাবুয়ে জাতীয় দলেরও দায়িত্ব পালন করেছেন।
তবে বেশ কিছু দিন ধরেই বড় কোনো দলের সঙ্গে নেই হোয়াটমোর। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান এবার দায়িত্ব নিতে যাচ্ছেন, ভারতের বারোদা ক্রিকেট দলের।
বুধবার বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ) জানিয়েছে, বিশ্বকাপজয়ী এই কোচের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে কিছুটা দেরি হচ্ছে।
বিবৃতিতে বিসিএ জানায়, ‘বিসিএর শীর্ষ কর্তারা ডেভ হোয়াটমোরের সঙ্গে কোচ অথবা মেন্টর পদের জন্য অফিসারদের আলোচনা করে যেতে বলেছেন।’
সবকিছু চূড়ান্ত হওয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে বিসিএ। করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী যে পরিস্থিতি তাতে দুই পক্ষের আলোচনাতেও এর প্রভাব পড়েছে। সবকিছু করতে হচ্ছে অনলাইনে। ক্রিকেটীয় কার্যক্রম ফের শুরু হলে সরাসরি আলোচনা হতে পারে।’
এর আগে ভারতের কেরালা দলের কোচের দায়িত্বেও ছিলেন হোয়াটমোর। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের কোচও ছিলেন এই ৬৬ বছর বয়সী।
