চাঁপাইনবাবগঞ্জে রিকশাচালকের মরদেহ পড়ে রইল ৫ ঘণ্টা

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০৪:৫২ এএম

রিকশায় বসে হঠাৎ মারা গেলেন আনুমানিক ৫০ বছর বয়সী এক চালক। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে এগিয়ে যাননি কেউ। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার লাশ উদ্ধার করেন। এদিকে গাজীপুরের টঙ্গীতে বাড়ির সামনের রাস্তায় মঙ্গলবার রাতে মৃত্যুর প্রায় পাঁচ ঘণ্টা পরও এক নারীর মরদেহ সেখানেই পড়ে ছিল।

প্রত্যক্ষদর্শী ও চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিশ^রোড এলাকায় হঠাৎ করেই ওই রিকশাচালক মারা যান। ৫০ বছর বয়সী ওই চালকের বাড়ি সদর উপজেলার বারঘরিয়া এলাকায়। আতঙ্ক থেকে প্রায় পাঁচ ঘণ্টা কেউ যায়নি তার কাছে। পরে দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য বিভাগের একটি টিম মরদেহ উদ্ধার ও নমুনা সংগ্রহ করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বিকেলে স্বাস্থ্য বিভাগ ও পুলিশের সহযোগিতায় প্রশাসনের উদ্যোগে বিশেষ ব্যবস্থায় ওই মরদেহ দাফন করা হয়।

এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ৫৪ নম্বর ওয়ার্ডে টঙ্গীর মোল্লাবাড়ি এলাকায় বাড়ির সামনের রাস্তায় মারা যাওয়া ওই নারীর নাম আমিরুন নেছা। স্থানীয়রা জানিয়েছে, তিনি একই এলাকার মৃত ইয়াকুব আলী মোল্লার স্ত্রী। ওই নারী টঙ্গীর আউচপাড়া এলাকার নিজ বাড়িতে একা বসবাস করতেন। মঙ্গলবার রাতে বাড়ির সামনের একটি ওষুধের দোকানে রক্তের চাপ মাপতে গিয়ে হঠাৎ রাস্তায় পড়ে মারা যান তিনি। এরপর করোনা সন্দেহে তার মরদেহ কেউ ধরতে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম ও হাজি কছিমউদ্দিন ফাউন্ডেশনের ৩০ জন সদস্য। পরে স্বাস্থ্য বিভাগের কর্মীরা রাত দেড়টার দিকে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেন। এরপর কছিমউদ্দিন ফাউন্ডেশনের কর্মীরা গতকাল সকালে মরদেহ দাফন করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী এম এম হেলাল উদ্দিন বলেন, ‘একজন নারী রাস্তায় পড়ে আছে শুনে আমাদের স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে ছুটে যায়। মৃত নারীর ছেলেমেয়ে ও স্বজনরা খবর পেয়েও লাশ গ্রহণ করতে আসেনি। পরে আইইডিসিআরের সদস্যরা নমুনা সংগ্রহ করে নিয়ে গেলে আমাদের স্বেচ্ছাসেবীরা মৃত নারীর লাশ দাফন করেন।’

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি এমদাদুল হক জানান, ওই নারী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত