নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে গত সোমবার নারায়ণগঞ্জ থেকে আসা বাবা ও ছেলেকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় আবুল কাসেম নামে এক বৃদ্ধকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার বারদী ইউনিয়নের মোছলেন্দপুর গ্রামের নাসিরুদ্দিন ও তার ছেলে নারায়ণগঞ্জ থেকে তাদের বাড়িতে আসেন। পরে একই এলাকার আবুল কাসেম নাসিরুদ্দিন ও তার ছেলের মধ্যে করোনার ঝুঁকি থাকতে পারে সে জন্য ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন। এ নিয়ে আবুল কাসেম ও নাসিরুদ্দিনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে নাসিরুদ্দিনের লোক হানিফা ও সোহেল আবুল কাসেমকে পিটিয়ে মারাত্মক আহত করে। খবর পেয়ে আবুল কাসেমের লোকজন নাসিরুদ্দিনের বাড়ি ভাঙচুর চালায়।
