মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল খাসকান্দি গ্রামে বৃহস্পতিবার ভোরে দুই গ্রুপের মধ্যে পাল্টা-পাল্টি হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পূর্ব শত্রুতর জের ধরে ওই গ্রামের আফজাল ফকির ও মিনার হোসেনের দুই গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
এতে কয়েকজন সামান্য আহত হলে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে ককটেল বিস্ফোরণের আলামত পায়।
সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, খাসকান্দি গ্রামের আফজাল ফকির ও মিনার হোসেনের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে কয়েকদিন আগে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে থানায় মামলা মোকাদ্দমা হয়। ওই মামলার আসামি পক্ষ মিনার হোসেনের লোকজন বাড়ি-ঘর ছাড়া ছিল।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে মিনার হোসেনের লোকজন বাড়িতে উঠতে গেলে প্রতিপক্ষ আফজালের লোকজন বাধা দেয়। উভয়ের মধ্যে হামলা-পাল্টা হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলেও সেখানে গিয়ে কাউকে পায়নি। তবে সেখানে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করেছে পুলিশ। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত।
