চৌদ্দগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত, এলাকা লকডাউন

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০২:৫১ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে এক যুবকের শরীরে  করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলার শিবপুরের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

জানা গেছে, দীর্ঘ পাঁচ-ছয় মাস ধরে তিনি উপজেলার পৌরসভাধিন পূর্ব চাঁন্দিশকরা গ্রামে মো. আলী আকবরের ভাড়া বাসায় মা-বাবা, ভাই-বোন নিয়ে বাস করে আসছিলেন।

গত শনিবার জ্বর-সর্দি-কাশি নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সন্দেহভাজন করোনা রোগী হিসেবে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে।

বুধবার সন্ধ্যায় রিপোর্টে করোনা পজিটিভ আসলে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার বাড়িসহ সমগ্র এলাকাটি (আশপাশের আরো প্রায় ১৫-২০টি বাড়ি) লকডাউন করে দেয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান বলেন, শনিবার নমুনা সংগ্রহের পর আজকে তার রিপোর্ট হাতে পাই। রিপোর্ট পজিটিভ হওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর মেয়র ও স্থানীয় কাউন্সিলরের সার্বিক সহযোগিতায় তার বাড়িসহ আশপাশের এলাকাটি লকডাউন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্থানীয়ভাবেই আক্রান্ত হয়েছেন।

এই মুহূর্তে তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শিগগিরই তাকে আইসোলেশনে পাঠানো হবে এবং তার পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

এ সময় তিনি সকলকে সরকারি নির্দেশনা মেনে যার যার ঘরে অবস্থান করার জন্য আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত