সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর এক দিনের বেতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশ এক সংকটময় সময় পার করছে। দেশের দুখী মানুষেরা, যারা খাবারের সংকটে আছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে তাদের যথাসাধ্য সাহায্য করা হচ্ছে। তহবিলে অনুদান দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার এই মানবিক কাজের সাথে যুক্ত হলো।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ আছে।
যদিও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল (সিলেট) ত্যাগ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে কোনো বহিরাগতকেও ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান করতে দেয়া হচ্ছে না।
