পাবনায় জনপ্রতিনিধিদের দুর্নীতির বিরুদ্ধে শপথ করালেন এমপি

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১১:০২ পিএম

করোনা দূর্যোগে ত্রাণ কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি না করতে পাবনা সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। 

এ সময় ত্রাণকার্যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে জনপ্রতিনিদের সতর্ক করেন তিনি। পরে সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যানকে ত্রাণকার্যে দুর্নীতি না করার শপথও করান তিনি। 

বৃহস্পতিবার পাবনা সদর উপজেলা পরিষদ চত্বরে করোনা পরিস্থিতি মোকাবিলায় করনীয় নির্ধারনে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের আহ্বানে শারীরিক দূরত্ব মেনে এমন ব্যতিক্রমী শপথে অংশ নেন জনপ্রতিনিধিরা। 

এ সময় উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনসহ সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান সৃষ্টিকর্তার নামে শপথ করে ত্রাণ কার্যক্রম সততার সাথে পরিচালনার অঙ্গীকার করেন।

মতবিনিময় সভায় এমপি গোলাম ফারুক প্রিন্স  বলেন, করোনার এই দুঃসময়ে সরকারি ত্রাণ যারা আত্মসাৎ করবেন তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। কোন জনপ্রতিনিধির বিরুদ্ধে সামান্য দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ সময় শপথে অংশ নেওয়া ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান বলেন, সংসদ সদস্য মহোদয় নিজে আমাদের সকল জনপ্রতিনিধিদের নিয়ে শপথ করেছেন। সারা দেশে কিছু জনপ্রতিনিধির দুর্নীতির কারণে আমরা সবাই বিব্রতকর অবস্থায় পড়েছি। আমরা পাবনা সদর উপজেলার  জনপ্রতিনিধিরা ত্রাণ বিতরণে সততা ও স্বচ্ছতার দৃষ্টান্ত গড়তে চাই।

এ সময় অন্যান্যের মধ্যে পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত