চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে সরকারের ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল চুরি করে বিক্রির সময় ১২০ কেজি চালসহ সরোয়ার জাহান বাবুল নামে এক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ফটিকছড়ির ধর্মপুর আজাদীবাজার থেকে সকাল সাড়ে ১১টায় তাকে আটক করা হয়।
জানা যায়, শুক্রবার সকালে কার্ডধারী নয় এমন লোকের কাছে চুরি করে চাল বিক্রির সময় সন্দেহ হলে স্থানীয় জনতা বিষয়টি প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম আকাশকে জানান। তিনি ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন ঘটনাস্থলে যান। চাল চুরির অভিযোগ প্রমাণিত হলে সরোয়ার জাহান বাবুলসহ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে আরো দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন জানান 'ওএমএস এর চাল চুরির অপরাধে ডিলারসহ তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। ডিলার প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে’।
