করোনা পরিস্থিতির উন্নতি হলে খুলবে পোশাক কারখানা

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০৬:০৬ পিএম

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি হলে পোশাক কারখানা খুলে দেওয়া হবে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএর সচিব মোহাম্মদ আবদুর রাজ্জাক বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, বিজেএমইএর সদস্যদের কারখানা খোলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে বিজিএমইএর অবস্থান অত্যন্ত স্পষ্ট। কারখানা চালু করার আগে নিজেদের সুস্থ ও নিরাপদ রাখতে হবে। যদি সার্বিকভাবে করোনা পরিস্থিতির উন্নতি হয়, তাহলে সঠিক সময়ে কারখানা খুলে দেওয়া হবে। এ মুহুর্তে বিজিএমইএর প্রথম ও একমাত্র অগ্রাধিকার হচ্ছে, শ্রমিক ভাই-বোনদের স্বাস্থ্য ও নিরপাত্তা নিশ্চিত করা।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি শুরু হওয়ার পর বিজিএমইএ তাদের সদস্যদের কারখানা ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ করে। সেই অনুরোধ মেনে অনেক সদস্য কারখানা বন্ধ রাখে। তবে অনেকে আবার উৎপাদন চালু রাখে। ৫ এপ্রিল বন্ধ কারখানা চালু হওয়ার কথা ছিল। সে জন্য করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই দূর-দূরান্ত থেকে শ্রমিকেরা শিল্পাঞ্চলে ফিরতে থাকেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরে সরকারের নির্দেশনা অনুযায়ী, ৬ এপ্রিল বৈঠক করে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে ১৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়। 

পরে সরকারি ছুটি বৃদ্ধি করা হলে তার সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানা বন্ধের সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করে বিজিএমইএ ও বিকেএমইএ।

বৃহস্পতিবার সরকার সারা দেশকে করোনা সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত