স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আলেঅচনায় আসা ময়মনসিংহের এক তরুণ গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে তার করোনা শনাক্ত হয়।
২৮ মার্চ ময়মনসিংহ শহরকে করোনাভাইরাসের হাত থেকে মুক্ত রাখার জন্য কাজ শুরু করেন একদল স্বেচ্ছাসেবী তরুণ। তারা পরিচিত বন্ধু ও সহপাঠীদের নিয়ে গড়ে তোলেন ১০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাঁরা এর নাম দেন শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র (এসপিবিকে)। এরপর একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় জীবাণুনাশক ছেটানোর পর মেশিন, পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক সংগ্রহের কাজে নামেন তারা।
সুবিধাবঞ্চিত মানুষের দিকে সেবার হাত বাড়িয়ে দেন। রাস্তাঘাট, বাসাবাড়ি, অফিস, মসজিদ, মন্দির, রাস্তায় চলমান গাড়ি, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন জীবাণুমুক্ত করতে থাকে স্বেচ্ছাসেবক দলটি। তাঁদের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা পায়।
তবে তাদের মধ্যে এক তরুণের করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে অন্য স্বেচ্ছাসেবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
তবে তারা হতাশ নন বলে জানান।
করোনাভাইরাসে আক্রান্ত ওই তরুণ ময়মনসিংহ শহরের নিজ বাসায় অবস্থান করছেন জানিয়ে বলেন, ‘যদি বেঁচে ফিরি, দেখা হবে। আবার নামব রাস্তায়, কথা দিলাম।’
জেলা প্রশাসকের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিভি-১৯ পিভিজি এম-২০’ দলেও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন ওই তরুণ ও তার সহযোগীরা।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ‘ময়মনসিংহ শহরকে সুরক্ষিত রাখতে তাদের অবস্থান থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমরা করোনায় আক্রান্ত ওই তরুণের পাশে আছি, নিয়মিত তার খোঁজখবর নেওয়া হচ্ছে।’
