বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ আলীর আড়ত থেকে ২৫৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দোকান মালিক ইউসুফ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বেলা ১১টায় এই দণ্ডাদেশ দেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদের ভ্রাম্যমাণ আদালত। দণ্ড ঘোষণার পরপরই তাকে বিশেষ ব্যবস্থায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন উত্তরপার বাজারের একটি নামবিহীন আড়ত থেকে ২৫৬ বস্তা সরকারি চাল উদ্ধার করে। সেখানে খাদ্য অধিদপ্তরের বস্তা থেকে বের করে চাল অন্য বস্তায় ভরা হচ্ছিল। এ সময় সেখানে উপস্থিত ইউসুফ আলী ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করে যে ওই চাল কাবিখার এবং তা অন্যত্র বিক্রির জন্য বস্তা পরিবর্তন করা হচ্ছিল।
ইউসুফ আলী সাংবাদিকদের জানান, সলিয়াবাকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের কাছ থেকে তিনি সাড়ে ৭ মে. টন চাল ক্রয় করেন। যার ডিউ তার কাছে রয়েছে। ওই চাল উপজেলার ধারালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রকল্পের সভাপতি কুদ্দুস হাওলাদারের কাছ থেকে ইউপি সদস্য রফিকুল ইসলাম এই চাল ক্রয় করে তার কাছে বিক্রি করেছেন। গত ৩১ মার্চ ওই প্রকল্পের চালের ছাড়পত্র দেওয়া হলেও ১৭ এপ্রিল সকালে খাদ্যগুদাম থেকে আড়তে নেওয়া হয়।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, এখন পর্যন্ত বরিশালের যেখানেই সরকারি চাল আত্মসাতের খবর পাওয়া গেছে সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। কেউ ভবিষ্যতে এই ধরনের ঘটনার সাথে জড়িত হলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
