সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নরসিংদীর প্রথম করোনা রোগী

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১০:১৬ পিএম

নরসিংদীর পলাশে প্রথম করোনা আক্রান্ত রোগী শামীম মিয়া (৩৫) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দীর্ঘ ১০ দিন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। 

শুক্রবার দুপুরে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল তাকে করোনা মুক্ত ঘোষণা দিয়ে বাড়িতে ফিরে যাওয়ার ছাড়পত্র দেন। সুস্থ হওয়া শামীম মিয়া পলাশের ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের বাসিন্দা।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শামীম মিয়া নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করার পাশাপাশে ওই গার্মেন্টসের মসজিদে ইমামতি করতেন। গত ৫ এপ্রিল করোনা উপসর্গ দেখা দিলে শামীম নিজেই ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়ে আসেন। পরে ৬ এপ্রিল সন্ধ্যার দিকে তার রিপোর্ট পজিটিভ আসে। পরে ওইদিন রাতেই পলাশ উপজেলা প্রশাসন ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া লকডাউন করে দেয়। ৭ এপ্রিল দুপুরে করোনা আক্রান্ত শামীম মিয়াকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসা করানো হয়। তাছাড়া শামীম মিয়ার পরিবারের ৯ সদস্যকেও উপজেলা কোরয়ারেন্টিন সেন্টারে রেখে তাদের নমুনা সংগ্রহ করে আইসিডিআরে পাঠানো হলে তাদের রিপোর্ট নেগিটিভ আসে।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হক বলেন, পলাশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শামীম মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়।  তার পরপর দুইবার নমুনা সংগ্রহ করে আইসিডিআরে পাঠানো হলে তার রিপোর্ট নেগেটিভ আসে। তাই শামীমকে করোনা মুক্ত ঘোষণা করে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। 

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী বলেন, করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে যাওয়া শামীম মিয়ার বাড়ির লকডাউন খুলে দেওয়া হবে। তবে অহেতুক যাতে কেউ বাইরে না বের হয়, সে বিষয়ে কড়া নজরদারি রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত