টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কী ভাবছে আইসিসি

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৬:৫৪ পিএম

অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এই আসর মাঠে গড়ানো নিয়ে রয়েছে শঙ্কা। এমনকি আসরটি বাতিল হতে পারে এমন আলোচনাও রয়েছে। তা এমন অবস্থায় কী ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি?

সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপ স্থগিত করা হবে কিনা এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। করোনা পরিস্থিতি পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ায় ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কিন্তু অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও পড়েছে করোনার থাবা।

মহামারি এই ভাইরাস মোকাবিলায় ৬ মাসের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এরপরই আসলে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়। সীমান্ত বন্ধ করার অর্থ কোনো বিদেশি এই সময়সীমার মধ্যে অস্ট্রেলিয়ায় পা রাখতে পারবেন না। অথচ ৬ মাসের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ কথা।

এ অবস্থায় আইসিসির এক কর্তা স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘সূচি অনুযায়ী আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। তবে বর্তমানে প্রতিকূল পরিস্থিতিতে আমরা সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছি।’

তিনি যোগ করেন, ‘বিশেষজ্ঞ, অস্ট্রেলীয় সরকারের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। সঠিক সময়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত