লকডাউনের মধ্যে ‘গার্লফ্রেন্ড’ ইউলিয়ার সঙ্গেই পানভেলের ফার্মহাউজে রয়েছেন সালমান খান। এমন জল্পনা-কল্পনা বারবার নাকচ করে দিচ্ছিলেন সালমান। কিন্তু শেষ রক্ষা হলো না। সেই জল্পনায় প্রমাণ ঢেলে দিল একটি ভিডিও। কিন্তু ইউলিয়ার একটি লাইভ ভিডিওতেই বাধল বিপত্তি।
ইউলিয়া যে লাইভে রয়েছেন বুঝতেই পারেননি সালমান। সটান ঢুকে পড়েন ঘরে। ও দিকে সালমানের এই হঠাৎ ঢুকে পড়ায় কিছুক্ষণের জন্য হকচকিয়ে যান ইউলিয়া। তবে ধাক্কা কাটিয়ে পরক্ষণেই হেসে গোটা ঘটনা সামাল দিতে যান ইউলিয়া।
তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। হাওয়ার বেগে ছড়িয়ে পড়েছে খবর— সবাই জেনে গিয়েছে, একসঙ্গেই রয়েছেন তারা। আর সালমান! তিনি তখন ত্রিসীমানাতেই নেই।
বাস্তবে যদিও কোনো দিনই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সালমান-ইউলিয়া, কিন্তু এই লকডাউন কি দু’জনকে আরও কাছাকাছি নিয়ে এলো?
তবে শুধু ইউলিয়াই নন, সালমানের সেই রাজকীয় ফার্মহাউজ এখন আত্মীয় পরিজনে ভর্তি। সেখানে আগে থেকেই রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ-ও। শোনা যাচ্ছে, ‘গেন্দা ফুল’-এর ব্যাপারে আলোচনা করতেই এসেছিলেন তিনি। এ ছাড়াও সেখানে সালমানের বোন অর্পিতা এবং তার স্বামী আয়ুষও ছিলেন।
ভাইজান ডেকে নিয়েছিলেন আর এক বোন আলভিরাকেও। স্বামী অতুলকে নিয়ে হাজির হয়েছিলেন তিনিও। এখানেই অবশ্য তালিকার শেষ নয়, সালমানের ভাই সোহেল খানের ছেলে নির্বাণও বন্ধুবান্ধবদের নিয়ে ‘মামু’র ফার্মহাউজে ছুটি কাটাতে গিয়েছিল।
সব মিলিয়ে কুড়ি-বাইশ জনের টিম। লকডাউনেও যে পরিবার নিয়ে ফার্মহাউজে বেশ ভালোই দিন কাটছে সালমানের তা ভালোভাবেই ঠাওর করা যাচ্ছে!
