আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়ক কে? এই প্রশ্নে আলোচনা হতে পারে অনেক। তবে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন এক কথায় বলে দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনির নাম।
অধিনায়ক হিসেবে ভারতকে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৭) ও একটি ওয়ানডে বিশ্বকাপে (২০১১) শিরোপা এনে দিয়েছেন ধোনি। জিতিয়েছেন ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও।
ধোনির নেতৃত্বে ৬০ টেস্টের ২৭টিতে জয় পেয়েছে ভারত। তার অধিনায়কত্বেই সবচেয়ে বেশি ওয়ানডে জিতেছে দলটি। ২০০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১১০ ম্যাচে দলকে জিতিয়েছেন। ৭২ টি-টোয়েন্টিতে তার সময় ৪১ ম্যাচ জিতেছে ভারত। সব মিলে রেকর্ড ধোনির পক্ষে থাকছে।
পিটারসেন অবশ্য ধোনিকে সবার চেয়ে এগিয়ে রাখছেন অন্য একটি মানদণ্ডে। তার মতে দর্শকদের প্রত্যাশার চাপ নিয়ে যেভাবে সাফল্য পেয়েছেন ধোনি তা অতুলনীয়।
‘ধোনির ওপর যা প্রত্যাশা তা বহন করা কঠিন। ধোনিকে নিয়ে দলের প্রচুর প্রত্যাশা। অধিনায়ক ধোনি দীর্ঘদিন ধরে সেই প্রত্যাশা পূরণ করে এসেছে। ভারত ও চেন্নাইকে ট্রফির ঝুলি সাজিয়ে দিয়েছে। অধিনায়ক ধোনির শ্রেষ্ঠত্ব নিয়ে তাই অন্য কারও সঙ্গে কোনো তর্ক চলে না।’- বলেন পিটারসেন।
