একজন অতিথির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অমর একুশে হলের আবাসিক শিক্ষক ভবন লকডাউন ঘোষণা করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি একজন আবাসিক শিক্ষকের শাশুড়ি এবং তার বয়স সত্তর। তাকে শনিবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ওই ভবনের সকল বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
জানা গেছে, ওই নারীর বাড়ি নারায়ণগঞ্জ। বেশ কয়েকদিন আগে তার স্বামী মারা যাওয়ায় তিনি নিজের মেয়ের কাছে ঢাকায় চলে আসেন। আর এখানে আসার পরে তার শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এরপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, দেশে সার্বিক করোনা পরিস্থিতির বিবেচনায় নারায়ণগঞ্জ জেলাকে করোনার ‘হটস্পট’ ঘোষণা করা হয়েছে।
