করোনাভাইরাসের কারণে চলমান সংকট মোকাবিলায় নানা উদ্যোগ নিয়ে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সবশেষ খবর হলো, নিজের নামে গড়া ফাউন্ডেশনের উদ্যোগে নিজ জেলা মাগুরায় অসহায়দের জন্য ১,৫০০ প্যাকেট ত্রাণের ব্যবস্থা করেছেন তারকা এই অলরাউন্ডার।
এসিই নামের এক প্রতিষ্ঠানের সহযোগিতায় এবারের ত্রাণের ব্যবস্থা করেছে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’। বিষয়টি নিজের ভেরিফাইড ফেইসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়ে নিজেই জানিয়েছেন সাকিব।
স্ট্যাটাসে সাকিব লিখেছেন- “সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে এসিই-কে ধন্যবাদ জানাই, মাগুরায় সুবিধাবঞ্চিত পরিবারগুলোতে প্রয়োজনীয় দ্রব্য সংবলিত ১৫০০ প্যাকেট বিতরণের জন্য। এই দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়ানো খুবই জরুরি। এসিই'র কাছে আমরা কৃতজ্ঞ এভাবে পাশে থেকে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য। আপনারা সাধ্যমতো সাহায্য করুণ, যাতে আমাদের সবার অনুদানে অসহায় মানুষগুলোর জীবন বদলে দিতে পারি।”
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। সেখানে বসে থেকেই দেশের অসহায়দের জন্য ত্রাণ সংগ্রহের কাজ পরিচালনা করছেন ‘দ্য সাকিব আল ফাউন্ডেশন’ এর মাধ্যমে। এ কাজে সবাইকে সহযোগিতার হাত বাড়াতেও আহ্বান জানিয়েছেন সাকিব।
চলমান সংকটে এরই মধ্যে ২০ লাখ টাকা করে দুই দফায় মোট ৪০ লাখ টাকার অর্থ সংগ্রহ করেছে সাকিব আল ফাউন্ডেশন। প্রথম দফায় ২০ লাখ টাকার তহবিল সংগ্রহ করা হয় কনফিডেন্স গ্রুপের সঙ্গে মিলে। পরে আরও ২০ লাখ টাকার তহবিল গঠন করা হয় ‘মিশন সেভ বাংলাদেশ’ এর সঙ্গে মিলে।
এসব অর্থ গরিব ও দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করা ও করোনাভাইরাসের টেস্টিং কিটের জন্য খরচ করা হয়।
