শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। ৬০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি সদর উপজেলায়।
শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হলে রবিবার সকাল ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুনির আহমেদ খান জানান, আজ সকালে আইসোলেশনে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দু-তিন দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরিস্থিতি বেশি খারাপ হলে স্বজনরা রবিবার সকালে তাকে সদর হাসপাতালে নিয়ে আসেন।
করোনার উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থা এমনিতেই ভালো ছিল না। শ্বাসকষ্ট বেড়ে গেলে আজ সকালে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হবে।
তিনি জানান, করোনার মতো উপসর্গ থাকায় স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
এর আগে গত দুই সপ্তাহে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন দুই যুবক মারা গেছেন। পরে,নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা শনাক্ত হয়নি।
