করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হিন্দু সম্প্রদায়ের কেউ মারা গেলে তার সৎকারে পরিবহনসহ যাবতীয় খরচে সহায়তা করার ঘোষণা দিয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। এজন্য দুটি জরুরি মোবাইল নম্বর (০১৫৫৬৪৬৪৯৮৯ ও ০১৭১৬৫০২১৫৯) চালু রাখা হয়েছে।
ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল দেশ রূপান্তরকে জানান, তাদের সম্প্রদায়ের কেউ করোনায় মারা গেলে ট্রাস্ট লাশ পরিবহন, দাহসহ সার্বিক সহযোগিতা করবে। সারা দেশেই এ সেবা দেওয়া হবে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয়ের অধীন। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ সেবা দেওয়া হচ্ছে।
প্রতি জেলায় ট্রাস্টের একজন সহকারী প্রকল্প পরিচালক (এপিডি) রয়েছেন। তাকে ট্রাস্টি, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে মৃতের সৎকারের যাবতীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া দাহ কাজে উৎসাহী কেউ এলে তাকে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
