করোনার লকডাউনে ম্যালেরিয়ার কবলে জিম্বাবুয়ে

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০১:১২ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউনে জিম্বাবুয়ে। এর মধ্যে নতুন এক বিপদে পড়ছে আফ্রিকার দেশটি। করোনার প্রাদুর্ভাবের ভেতর আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে ম্যালেরিয়া।

করোনার মহামারির ভেতর মশাবাহিত রোগটিতে জিম্বাবুয়েতে এরই মধ্যে ১৩১ জনের মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে গার্ডিয়ান।

তাতে বলা হয়েছে, জিম্বাবুয়েতে ২০১টি এলাকায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে ম্যালেরিয়া। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার; মৃত্যু ১৩১। ম্যানিকাল্যান্ড, ম্যাসভিনগো ও ম্যাশোনাল্যান্ড ইস্ট এলাকায় এর প্রাদুভাব বেশি।

জিম্বাবুয়েতে ম্যালেরিয়া সংক্রমণ একটি মৌসুমী ও অস্থিতিশীল সমস্যা। এতে আক্রান্ত হয়ে মারা যেতে পারে যেকোনো বয়সী মানুষ। জিম্বাবুয়েতে সাধারণত, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে গরম ও আদ্র আবহাওয়ার সময়ে এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ম্যালেরিয়ার প্রকোপ দেশ জুড়ে আরও বাড়তে পারে।

ম্যালেরিয়া সামলানোয় অনেকটা এগিয়ে এসেছিল জিম্বাবুয়ে। কিন্তু গত কয়েক বছরে সাফল্যের ধারাটা ধরে রাখতে পারছে না দেশটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, কভিড-১৯ মোকাবিলায় জিম্বাবুয়ে যতটা তৎপর ম্যালেরিয়ার ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, জিম্বাবুয়েতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ জন। মৃতের সংখ্যা তিনজন। প্রাণঘাতী এই ভাইরাসে ছড়িয়ে পড়া ঠেকাতে চলমান লকডাউন আরও দুই সপ্তাহ বাড়িয়েছে দেশটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত