করোনা চিকিৎসায় ১৩ দিনে হাসপাতাল বানাল কাজাখস্তান

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৪:০৫ পিএম

করোনাভাইরাসজনিত কভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় মাত্র ১৩ দিনে একটি হাসপাতাল নির্মাণ করে অবাক করে দিয়েছে কাজাখস্তান। নুর-সুলতানে মনোরম হাসপাতালটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অন্যতম নির্মাতা প্রতিষ্ঠান বিআই গ্রুপ।

এক ফেইসবুক স্ট্যাটাসে বিআই গ্রুপের চেয়ারম্যান আইদিন রাখিমবায়েভ লিখেছেন, “মাঝারি একটা বাজেটে ১৩ দিনে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এটা কাজাখ বিশেষজ্ঞ ও পুরো নির্মাণ শিল্পের জন্য বিশাল জয়।”

রাখিমবায়েভ জানিয়েছেন, হাসপাতালটি নির্মাণে সরকারের বরাদ্দ ছিল ১ কোটি ২৮ লাখ ডলার। চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরও হাসপাতালটি চালু রাখা হবে।

হাসপাতালটি ২০০ বেডের। তাতে একটি ল্যাব, ভেন্টিলেশন ব্যবস্থা, এক্স-রে’সহ ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দেওয়ার জন্য যাবতীয় যন্ত্রপাতিই রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আলমাতা ও শিমকেন্তেয় আরও দুটি হাসপাতাল নির্মাণ করছে কাজাখস্তান।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ২ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ১৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত